করোনার উপসর্গ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৭:৪৫

লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হারুনুর রশিদ মোল্লা (৬৬) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। 

হারুনুর রশিদ মোল্লা উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন বিকল্পধারা বাংলাদেশের রামগতি উপজেলা শাখার সভাপতি ছিলেন। এ ঘটনায় তার বাড়িটি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, হারুনুর রশিদ মোল্লা গত এক সপ্তাহ ধরে জ্বর (টাইফয়েড) ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠায়।

আরও পড়ুনঃ করোনার উপসর্গ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

তিনি বলেন, ওই দিন সন্ধ্যায় অবস্থার অবনতি ঘটলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে করোনার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার সকালে অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় নেওয়ার পথে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, করোনার উপসর্গ থাকায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মৃত হারুনুর রশিদ মোল্লার জানাজা ও দাফন করা হবে। এছাড়া করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে তার বাড়ির ১১টি পরিবার লকডাউন করে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/ এমএএম