মাগুরায় পুরাতন শীতবস্ত্রের বাজারে ক্রেতাদের ভিড়

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:১৫

মাগুরা প্রতিনিধি:মাগুরায় প্রচণ্ড শীত পড়ায় পুরাতন শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শহরের প্রধান ডাকঘরের সামনেসহ মাতৃসদন রোডে পুরাতন শীতবস্ত্রের হাট ও বাজার বসেছে। ক্রেতারা শীত নিবারণ করার জন্য এখান থেকে তাদের পছন্দ মতো শীতবস্ত্র ক্রয় করছেন। জানা গেছে, মাগুরা জেলায় গত কয়েক দিন শীতের প্রকোপ বেড়েছে।

শহরের প্রধান ডাকঘরের সামনে বসেছে বিরাট হাট ও শীতবস্ত্রের বাজার। ব্যবসায়ীরা বেল ভর্তি পুরাতন শীতবস্ত্র ক্রয় করে এনে এখানে খুচরা বিক্রয় করেন। দাম ক্রেতাদের আয়ত্বের মধ্যে। প্রতিটি সোয়েটারের দাম একশত টাকা থেকে তিনশত টাকার মধ্যে, কোর্ট দুইশত টাকা থেকে তিনশত টাকা, জ্যাকেট তিনশত টাকা থেকে আট শত টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কম বলে ক্রেতারা এখান থেকে তাদের পছন্দমত শীতবস্ত্র ক্রয় করছেন। ক্রেতাদের ভীড় দেখা যাচ্ছে। প্রচণ্ড শীত পড়ায় এবং নির্বাচনের বিক্রয় ভালো হচ্ছে। শীতকাপড় বিক্রেতারা জানান, শীত পড়ায় এবং জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেচা-কেনা ভালো হচ্ছে। গরম জ্যাকেট নির্বাচনকর্মীরা ব্যবহার করছেন।

চলনবিলাঞ্চলে পুরান শীতবস্ত্রের

চাহিদা বেড়েছে

চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার চাটমোহরসহ চলনবিল অধ্যুষিত উপজেলার জনপদে শীত জেঁকে বসেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিমেল হাওয়া শীতের আমেজ বাড়িয়ে দিয়েছে। হাট-বাজার কিংবা রাস্তার ধারে  পুরনো কাপড়ের দোকান ও বিপণী বিতানগুলোতে শীতের পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। সাধ্য অনুয়াযী মার্কেট কিংবা ফুটপাত থেকে ক্রেতারা কিনে নিচ্ছেন পছন্দের শীতের পোশাকটি। সবমিলিয়ে বিক্রি হচ্ছে জমজমাট। ব্যবসায়ীরা বলছেন, শীতের পোশাক কেনাকাটা করতে বিপণী বিতানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় বাড়ছে সাধারণ মানুষের। তবে শীতের তীব্রতা যতো বাড়বে, তার সঙ্গে বাড়বে কেনাকাটাও।

শীতের আক্রমণে মানুষ রীতিমতো জবুথবু। গায়ে গরম কাপড় ও টুপি পরে তারা শীতের দাপট থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও গ্রামের মোড়ে ছিন্নমূল ও দরিদ্র মানুষ কাগজ-খড়কুটো পুড়িয়ে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন। শীত জেঁকে বসায় বিপর্যস্ত হয়ে পড়ছেন নিম্নআয়ের মানুষরা।