কোভিড১৯ মোকাবেলায় যুগান্তকারি ব্যবস্থা নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় বিল গেটস

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৮:৫৪

বিশ্ববরেণ্য সমাজসেবী ও মাইক্রোসফটের যৌথ প্রতিষ্ঠাতা বিল গেটস লকডাউন এবং স্বাস্থ্য ব্যবস্থা জোরদারে ব্যয় বৃদ্ধিসহ কোভিড-১৯ মহামারি দমনে বেশ কয়েকটি যুগান্তকারি পদক্ষেপ গ্রহণ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন।

নরেন্দ্র মোদিকে লেখা এক পত্রে বিল গেটস বলেন, ‘আপনার নেতৃত্বে এবং আপনার সরকার যে ভাবে প্রতিরোধের ব্যবস্থা নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রেখেছে, আমরা তার প্রশংসা করি। দেশ জুড়ে লকডাউন, আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা এবং কোভিড-১৯ পরীক্ষা করা, হটস্পট চিহ্নিত করে সেগুলিকে আলাদা করে, আইসোলেশন, কোয়রান্টিন ও চিকিৎসার ব্যবস্থা এবং সর্বোপরি স্বাস্থ্য পরিকাঠামোকে মজবুত করতে ব্যয় বরাদ্দ  বৃদ্ধিসব সব ক্ষেত্রেই আপনারা খুবই প্রশংসার কাজ করেছেন।’

সারা দেশে লকডাউন করে যে ভাবে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারায় ভারতের প্রশংসা করেছে বিশ্বের বহু দেশ। এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে একই ভাবে প্রশংসা করলেন বিল গেটস।

ভারতে সংক্রমণ শুরু হয়েছিল জানুয়ারি মাসে। প্রথম কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে কেরলে। সেই রাজ্যে প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে সংক্রমণ। অন্যদিকে গত প্রায় চার  মাসে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বুধবার পর্যন্ত হয়েছে ২০ হাজার। ফলে ইউরোপ-আমেরিকার বহু দেশের চেয়ে ভারতের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে বলে মনে করছেন বিশ্বের বিজ্ঞানী ও চিকিৎসা মহল। পাশাপাশি গোটা পরিস্থিতি মোকাবিলায় ভারতের প্রশংসাও করছেন তারা।

আরও পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬৮৪

করোনার মোকাবিলায় ভারতের কেন্দ্র সরকার ‘আরোগ্য সেতু’ অ্যাপ চালু করেছে। করোনা সম্পর্কিত যাবতীয় তথ্য মিলছে সেই অ্যাপে। তার প্রশংসা করে বিল গেটস লিখেছেন, ‘আরোগ্য সেতুর মতো অ্যাপ চালু করে ডিজিটাল অভিনবত্বের সূচনা করেছেন। আমি আনন্দিত যে আপনার ব্যতিক্রমধর্মী ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করেছেন। কোভিড-১৯-এর মোকাবিলায় সূচনা করেছেন আরোগ্য সেতুর মতো অ্যাপ।’


ইত্তেফাক/আরআই