বিনোদন রিপোর্ট
করোনাভাইরাস মহামারির প্রকোপে স্থবির হয়ে আছে সবকিছু। এ কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন অসহায়, দুঃস্থ ও দিনমজুররা। তাদের সাহায্যার্থে স্বতন্ত্র ধারার সিনেমা নির্মাতারা ‘ফিল্ম ফর হিউম্যানিটি’ শিরোনামের একটি উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে অনলাইনে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তহবিল সংগ্রহ করা হবে।
শুধু বাংলাদেশ নয়, উদ্যোগটিতে যুক্ত হয়েছেন ভিনদেশি নির্মাতারাও। তাদের সঙ্গী হিসেবে থাকছে অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ’।
বাংলাদেশ ও অন্যান্য দেশের নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থাকবে উত্সবে। এগুলোর প্রদর্শনী হবে আন্তর্জাতিক প্লাটফর্ম ভিমিয়োতে। সেখানে অন ডিমান্ড রেন্টাল সিস্টেমে দর্শকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্রগুলো দেখতে পারবেন। আগামী ১ মে প্রদর্শনী শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। উত্সব থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই দেওয়া হবে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে। তাদের মাধ্যমে অসহায় মানুষ ও প্রাণীদের কাছে খাদ্য ও চিকিত্সা সামগ্রী পৌঁছে যাবে।
প্রত্যেক নির্মাতাকে ভিমিয়ো থেকে প্রাপ্ত অর্থের পুরো হিসেব এবং সেই অর্থ কোথায় বা কোন প্রক্রিয়ায় অসহায় মানুষ ও প্রাণীদের দেওয়া হচ্ছে, সেই তথ্যের অফিসিয়াল ডকুমেন্টস ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ইভেন্ট গ্রুপে প্রকাশ করা হবে। এরইমধ্যে প্রদর্শনীর জন্য দেশের আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ও নবীন নির্মাতাসহ বিদেশের নির্মাতাদের প্রায় ২৫টি চলচ্চিত্র জমা পড়েছে। শিগগিরই আরও কিছু পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। চলচ্চিত্র সংগ্রহ চলবে আগামী ১০ মে পর্যন্ত।
জানা গেছে, উত্সবের শেষদিন নির্মাতাদের কাছ থেকে পাওয়া ছবি ভিমিয়ো এবং আয়োজকদের কাছে থেকে স্থায়ীভাবে মুছে দেওয়া হবে।
