অনিশ্চয়তায় উদ্বিগ্ন নেইমার

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০০:৫৪

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে ফুটবল স্থগিত হয়ে আছে প্রায় মাসেরও বেশি সময় হতে চলল। স্থগিতাদেশ কাটিয়ে শিগিগরই যে ফিরবে তারও ঠিক নেই আদৌ। সম্ভবত জীবনে প্রথমবারের মতো ভবিষ্যত্ নিয়ে এমন অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন নেইমার। আর সেটাই দারুণ উদ্বিগ্ন করে তুলছে পিএসজি তারকাকে।

দীর্ঘ বিরতিতে ব্রাজিলে ফিরে গেছেন নেইমার। নিজেকে ফিট রাখতে নিজবাড়িতেই ব্যক্তিগত কোচ রিকার্দো রোসার অধীনে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন নেইমার। সম্প্রতি নেইমার তার ব্যক্তিগত ওয়েবসাইটে এ ব্যাপারে লিখেন, ‘আমার দৈনন্দিন সূচিতে সকালের খাবার, প্রথম অনুশীলন সেশন, বিশ্রাম আছে। পুরো দিনে আরো কিছু আনন্দের কাজ করি যেটা আমাকে শক্তি খরচ করতে সহায়তা করে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ এবং সাধারণ শারীরিক ব্যায়ামের সময়টাকে দুই ভাগে ভাগ করে নেই।’

তবে মাঠে মুক্ত বিহঙ্গের মতো ছুটে চলা যার অভ্যাস, গৃহবন্দি জীবন তার ভালো লাগবে কী করে? নেইমার অবশ্য জানালেন, দীর্ঘ এই বিরতিতে ফুটবলসম্পৃক্ত সবকিছুর শূন্যতা ভোগাতে শুরু করেছে তাকে।

নেইমারের ভাষ্য, ‘কখন ফিরব এ ব্যাপারটা না জানায় আমাকে উদ্বিগ্ন করে তুলছে। খেলা, প্রতিদ্বন্দ্বিতা করা, ক্লাবের পরিবেশে পিএসজি সতীর্থদের সঙ্গে থাকার মতো ব্যাপারগুলোর শূন্যতাবোধ ঘিরে ধরেছে আমাকে।’

অচলাবস্থা কাটিয়ে শিগিগরই মাঠে ফেরার ব্যাকুলতাও ঝরে পড়ল নেইমারের লেখায়, ‘আমি নিশ্চিত ভক্তরাও চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সবাই যেন মাঠে ফেরে। আশা করছি সিদ্ধান্তটা যত শিগিগরই সম্ভব আসবে।’