বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে বড়ো অঙ্কের ক্ষতি ক্যারিবীয়দের

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২০:৫৮

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ। আর্থিক অনটনে কঠিন সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। মাসিক বেতনটা পেলেও চার মাস ধরে কোনো ম্যাচ ফি পাচ্ছেন না ক্যারিবিয়ান ক্রিকেটাররা। নিজেদের এমন আর্থিক সংকটে পড়ার পেছনে ২০১৮ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজকেই বড়ো কারণ বলে দাবি করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।  

উপমহাদেশের দুই দেশকে আতিথ্য দেওয়া সিরিজে ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়েছে ক্যারিবিয়ানদের। সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহীর মতে, দুই সিরিজে সম্প্রচার স্বত্ব থেকে প্রত্যাশিত অর্থ পায়নি দেশটি। অন্তত ১০ লাখ ডলার কম আয় হয়েছে তাদের। যার ফলে অর্থ সংকটে পড়েছেন তারা।

জনি গ্রেভ বলেছেন, ‘আমরা যখন শ্রীলঙ্কা ও বাংলাদেশ আতিথেয়তা দিলাম, সে সময়ে আমাদের ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮৬ কোটি টাকা) ক্ষতি হয়েছে। ঐ দুই সিরিজে সম্প্রচার স্বত্ব চুক্তি থেকে আমাদের যা পাওয়ার কথা ছিল তা থেকে ১০ লাখেরও কম ডলার পেয়েছি।’

তবে এই ক্ষতি কিছুটা কাটিয়েছে সিডব্লিউআই পরের বছরই ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে। প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, ‘আমরা ক্ষতিটা পুষিয়েছি ২০১৯ সালে ইংল্যান্ড ও ভারত সিরিজ দিয়ে। দুই সিরিজ থেকে রেকর্ড লাভ হয়েছে।  ঐ অর্থ দিয়েই ২০১৮, ২০১৯ সালের বকেয়া পরিশোধ করেছি।’

করোনার থাবায় ক্রিকেট বন্ধ থাকায় ক্রিকেটারদের ম্যাচ ফি দিতে পারছে না সিডব্লিউআই। গত জানুয়ারিতে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০ খেলেছিলেন রাসেল-পোলার্ডরা। দুই সিরিজেরই ম্যাচ ফি পাননি ক্যারিবিয়ান ক্রিকেটাররা। এখন পর্যন্ত নারী টি-২০ বিশ্বকাপের ম্যাচ ফি পাননি দেশটির নারী ক্রিকেটাররা।