স্পোর্টস রিপোর্টার
২০০০ সাল থেকে সব ধরনের ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ আছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক সেলিম মালিক। এর মধ্যে একটি আদালত তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বললেও আইসিসি ও পিসিবি সে নির্দেশ বাস্তবায়ন করেনি। ফলে ক্রিকেটের কোনো কাজে তিনি জড়িতও হতে পারেননি। এতদিন পর সেলিম মালিক বলছেন, তিনি এই অবস্থা থেকে মুক্তি চান। ক্রিকেট নিয়ে কিছু করতে চান।
১৯৯৫ সালে ঘরের মাঠের সিরিজে শেন ওয়ার্ন, টিম মে ও মার্ক ওয়াহকে বাজে পারফরম্যান্স করতে প্রলোভন দেখান মালিক। পরে অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার তার বিরুদ্ধে অভিযোগ আনেন। দীর্ঘ তদন্তের পর ২০০০ সালে দোষ প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ হন মালিক। ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেয় এই ঘটনা।
পাকিস্তানের একটি আদালত ২০০৮ সালে মালিকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কিন্তু পিসিবি ও আইসিসি এই সিদ্ধান্ত মেনে নেয়নি। এর পরও ২০০৮ সালে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ এবং চার বছর পর জাতীয় দলের ব্যাটিং কোচের জন্য আবেদন করেন মালিক। কোনোবারই তাকে বিবেচনা করেনি পিসিবি।
মালিক এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি ক্রিকেটের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তাকে বিবেচনা করা হচ্ছে না, ‘আমি কোচ হয়ে দেশ ও খেলোয়াড়দের জন্য কাজ করতে চাচ্ছি। যখনই আমি কোচ হিসেবে কাজ করার চেষ্টা করেছি, আমাকে বিবেচনায় করা হয়নি।’
