৯ মে ফিরতে ‘প্রস্তুত’ বুন্ডেসলিগা

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:০০

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় মাস ধরে স্থগিত থাকা বুন্ডেসলিগা ফেরার জোর চেষ্টাই চালাচ্ছে। এর মধ্যেই সামাজিক দূরত্বের নিয়ম মেনে অনুশীলন শুরু করেছে দলগুলো। আগামী ৯ মে একটা সম্ভাবনা আছে ফুটবল মাঠে ফেরার। তবে জার্মান ফুটবল লিগের প্রধান নির্বাহী বলটাকে রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের কোর্টে ঠেলে দিয়ে জানালেন, যে কোনো সময়ে মাঠে ফিরতে প্রস্তুত আছে বুন্ডেসলিগা।

সমপ্রতি বুন্ডেসলিগা ও দ্বিতীয় বিভাগের ৩৬ দলের এক সভায় আগামী মাসেই ফেরার ব্যাপারে আলোচনা হয়। তবে যেদিনই ফেরা হোক, নিজেদের প্রস্তুতির ব্যাপারে আত্মবিশ্বাসী জার্মান ফুটবল লিগের প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান সেইফার্ট। তিনি বলেন, ‘যদি ৯ মে ফেরার দিনক্ষণ ঠিক হয়, আমরা প্রস্তুত। যদি পরে হয় তখনও প্রস্তুতই থাকব।’

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা রাজনৈতিক ব্যক্তিবর্গের ওপর ছেড়ে দিলেন তিনি, ‘রাজনীতিবিদরা যেদিন ঠিক করবে, সেদিনই আমাদের জন্য চূড়ান্ত। এটা নির্ধারণ করার দায়িত্ব আমাদের নয়।’

খেলা স্থগিত হওয়ায় অস্তিত্বই রীতিমতো সংকটে পড়ে গিয়েছিল প্রায় ১৩টি বুন্ডেসলিগা ও দ্বিতীয় বিভাগের দলের। সেক্ষেত্রেও সুসংবাদ দিয়েছেন সেইফার্ট। জানিয়েছেন প্রায় সব মিডিয়া পার্টনারই মৌসুম শেষ করার শর্তে চুক্তির পুরো অর্থ প্রদানের আশ্বাস দিয়েছে। ফলে টিকিট বিক্রির অর্থ না মিললেও টিভি স্বত্বের অর্থ পুরোটাই পাবে দলগুলো। তবে যদি মৌসুম শেষ না-ই করা যায় তাহলে বড়ো ক্ষতির মুখেই পড়বে বুন্ডেসলিগার সব পক্ষ, জানিয়েছেন সেইফার্ট।