ভারতীয়রা নিজের জন্য খেলত!

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:০০

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানি সাবেক খেলোয়াড়রা এখন ইউটিউবে বেশ জনপ্রিয় সব চ্যানেল করে কথা বলছেন। এ নিয়ে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে তাদের কথার লড়াইও হয়। এবার সেই লড়াইয়ে আগুনে মন্তব্য করলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম-উল-হক। তিনি বলছিলেন, ভারতীয় খেলোয়াড়রা আগে মাঠে ব্যক্তিগত স্বার্থে ক্রিকেট খেলত।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক রমিজ রাজার সঙ্গে সম্প্রতি এক আলাপচারিতায় এমন দাবি করেন ইনজামাম। ভারতের যেসব ব্যাটসম্যানদের বিপক্ষে খেলেছেন, তাদের নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলেছি, তখন ওদের ব্যাটিং কাগজে-কলমে আমাদের চেয়ে শক্তিশালী ছিল। আমাদের ব্যাটসম্যানরা ৩০-৪০ রান করলেও সেগুলো ছিল দলের জন্য। আর ভারতীয়রা ১০০ করলেও ওরা নিজেদের জন্য খেলত। দুই দলের মধ্যে পার্থক্য ছিল এটিই।’

১৯৯১ সালে অভিষেকের পর ইনজামাম পাকিস্তানের হয়ে খেলেছেন ১২০টি টেস্ট, ৩৭৮টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। সুদীর্ঘ ক্যারিয়ারে শচিন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, বিরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংয়ের মতো ভারতীয় ব্যাটসম্যানদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন তিনি।

ইনজামামের টেস্ট খেলার সময়ে এই সংস্করণে ১২ ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে পাঁচটিতে জিতেছে পাকিস্তান। হেরেছে চারটিতে, তিনটি হয়েছে ড্র। আর ওয়ানডেতে ৭৩ ম্যাচে মুখোমুখি হয়ে ৪০টিতে জিতেছে পাকিস্তান। ২৯টিতে জিতেছে ভারত, পরিত্যক্ত হয়েছে চারটি ম্যাচ।