তামিমের উপহার

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:০১

করোনা ভাইরাসের এই বিপর্যস্ত সময়ে দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সামর্থ্যবানরা। বাংলাদেশের ক্রিকেটাররাও বাদ যাচ্ছেন না। ক্রিকেটাররা দেশের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবার ‘উপহার’ পাঠাচ্ছেন দুস্থ মানুষের দুয়ারে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিমের উপহারের ছবি প্রকাশ পেয়েছে। বিভিন্ন সামগ্রীতে ঠাসা প্যাকেটের ওপরে লেখা রয়েছে ‘আপনার জন্য আমার উপহার, ক্রিকেটার তামিম ইকবাল’। ওয়ানডে অধিনায়কের উপহার মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী নারী নাফিসা খান। ‘ক্যাপ্টেনের উপহার নিয়ে রওনা হচ্ছি’—লিখে পোস্ট করেছেন নাফিসা খান। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের গঠন করা করোনা তহবিলে বেতনের অর্ধেক দিয়েছিলেন তামিম। এছাড়া সতীর্থদের নিয়ে টিম বয়দের জন্য তহবিল গঠন করেছেন।