চট্টগ্রামে নিরাপত্তামূলক সকল ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:১৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান বলেছেন, প্রিজাইডিং অফিসার ও তার সহকারীগণের ভোট কেন্দ্রে নিরাপদে আসা যাওয়া, ভোট কেন্দ্রের মালামাল আনা নেওয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ নগরীর সকল ভোটারগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরবাসীকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য এবং যাতে কেউ কোন প্রকার নাশকতা ও গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগরীতে (৪,৫,৮ আংশিক ও ৯,১০,১১,১৩ সংসদীয় আসন) ১৬টি থানা এলাকায় ৫৯৭টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তাসহ নগরীর আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার, গ্রাম পুলিশ, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। নদী এলাকার নিরাপত্তার জন্য পুলিশের নৌ-টহল এবং পোশাকি পুলিশকে সহযোগিতা করার জন্য সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। নগরীতে টহল পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানসমূহে পুলিশ চেকপোস্টসহ বিভিন্ন স্থানে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। যেকোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য কাউন্টার টেরোরিজম, সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে। এছাড়াও র্যাব ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এসময় সিএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।