সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন থেকে ত্রাণের ২০ বস্তা চাল উদ্ধারের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ডিলার আলাউদ্দিন ও জনৈক আয়াতুল্লাহর বিরুদ্ধে এজহার দায়ের করা হয়েছে।
শুক্রবার সরকারি ই-মেইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) কাছে পাঠানো অভিযোগ এজাহার হিসেবে দায়ের করা হয়। এজাহারের অনুলিপি রাজশাহী বিভাগের ডিআইজি ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের পরামর্শক্রমে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ এ এজাহার দায়ের করেন। অ্যাডভোকেট ইশরাত হাসান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়েছে, সিরাজগঞ্জ জেলার শাহজাদুপর থানার ১০ নম্বর কৈজুরী ইউনিয়নে করোনা ভাইরাসের পরিস্থিতিতে গরীব ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে চাল বরাদ্দ করা হয়েছিল। উক্ত চাল থেকে ২০ বস্তা চাল ১০ নম্বর কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ডিলার আলাউদ্দিন এবং জনৈক আয়াত উল্লাহসহ অজ্ঞাতনামা ব্যক্তিগণ পরষ্পর যোগসাজশে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আত্মসাৎ করে। পরবর্তীতে গত ১৯ এপ্রিল রবিবার সন্ধ্যায় কৈজুরী ইউনিয়নের গোপালপুর মোড় সংলগ্ন আয়াত উল্লাহর বাড়ি থেকে এ ত্রাণের চাল উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জোহা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। তারা উদ্ধার করা চাল নিয়ে যান।
এজাহারে আরও বলা হয়, উপরোক্ত আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা পরষ্পর যোগসাজশে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরকারি ত্রানের চাল মজুদ করেছিল যা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।
ইত্তেফাক/কেকে
