কাওরানবাজারে পাইকারি দোকান দিনে বন্ধ থাকবে

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:২৯

কাওরানবাজারের পাইকারি দোকান দিনের বেলায় বন্ধ থাকবে। তবে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত এসব দোকানে কেনাবেচা চলবে। পাইকারি ব্যবসায়ীদের সকাল ৬টার মধ্যে পণ্য ক্রয়-বিক্রয় শেষ করে বাজার ত্যাগ করতে হবে। এই সময়ের মধ্যেই পাইকারি ব্যবসায়ীদের ট্রাক থেকে পণ্য আনলোড করতে হবে। আর দোকানে বিক্রেতাদের সহকারী হিসেবে থাকতে পারবে সর্বোচ্চ এক জন। মানতে হবে নির্দিষ্ট সামজিক দূরত্ব। সাবান ও হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বাজার মালিক সমিতিকে।

গত বৃহস্পতিবার রাতে কাওরান বাজার মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ, র্যাব ও আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধিদলের যৌথসভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শুক্রবার থেকে এসব সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে বলে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পণ্য ক্রয়-বিক্রয় করার সময় ক্রেতা-বিক্রেতা ও তাদের সহকারীদের অবশ্যই মাস্ক ও গ্লাভস পরতে হবে। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে কেনাবেচা। ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছে কি না তা মনিটরিং করতে বাজার মালিক সমিতির পক্ষ তেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং পরস্পরের সংস্পর্শ এড়াতে বাজার কমিটির পক্ষ থেকে বাজারে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক পথ নির্ধারণ করতে হবে। কাওরান বাজার এলাকায় হকারের মাধ্যমে কিংবা ভ্যানে কিংবা ফুটপাতে পসরা সাজিয়ে কোনো ধরনের খাবার কিংবা পণ্যসামগ্রী বিক্রি করা যাবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।