বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে :কাদের

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:৩৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

করোনা ভাইরাস মোকাবিলায় বিএনপির জাতীয় টাক্সফোর্স গঠনের প্রস্তাব নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের কোনো দেশে এ ধরনের টাস্কফোর্স গঠনের নজির নেই। জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। করোনা ভাইরাস মোকাবিলায় কেউ ভালো পরামর্শ দিলে সরকার তা সানন্দে গ্রহণ করবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই দুর্যোগের সময় যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করাই দায়িত্বশীলতার পরিচয়। দল হিসেবে প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। ভালো পরামর্শ সরকারকে যদি দেওয়া হয় অবশ্যই তা করোনা প্রতিরোধের জন্য সানন্দে গ্রহণ করা হবে।’

ভিআইপিদের চিকিত্সায় আলাদা হাসপাতাল গড়ে তোলা হচ্ছে না জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ভিআইপিদের আলাদা চিকিত্সার বিশেষ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ভিআইপিদের চিকিত্সার জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি সে ফ গুজব। আমি যত দূর জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখব। এখানে ধনী-দরিদ্রের কোনো বিষয় নেই। করোনা ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে কাউকে ছাড় দেবে, এমনটা মনে করার কোনো কারণ নেই। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অদৃশ্য শত্রুকে মোকাবিলার করার জন্য যার যার দায়িত্ব পালন করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলা হলো প্রত্যেকের প্রথম এবং প্রধান কর্তব্য। ভিডিওবার্তায় তিনি রমজান মাস উপলক্ষ্যে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।