গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির গানম্যান কিশোর চন্দ্র সরকারের পিস্তলের গুলিতে আহত যুবক মো. মহিম উদ্দিন (৩২) চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। ঢাকার সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়।
জানা যায়, কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় কিশোর চন্দ্র সরকারের ছোড়া গুলিতে ১৬ এপ্রিল রাতে মো. শহিদ নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান ও মহিম নামের ঐ যুবক আহত হন। শহিদের বাড়ি কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা গ্রামে। মহিমও একই গ্রামের আব্দুল মালেকের পুত্র। ঘটনার পরের দিন আশুলিয়া থানার শিমুলিয়া এলাকা থেকে কিশোরকে আটক করে পুলিশ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরের নামে পুলিশের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা এবং নিহত শহিদের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। দুটি মামলারই তদন্ত চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. মনিরুজ্জামান খান মহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার রাতে গানম্যান কিশোর দুই বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে ঘুরতে যান। মোটরসাইকেলের পেছনে ছিলেন কিশোর, মাঝখানে শহিদ এবং সবার সামনে মহিম। কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় মোটরসাইকেলের গতি কমানোর পর কিশোর তার সঙ্গে থাকা অস্ত্র ঠেকিয়ে প্রথমে মহিম ও পরে শহিদকে গুলি করেন। গুলি উভয়ের শরীর ভেদ করে বেরিয়ে যায়। হত্যার কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে, গানম্যান কিশোরের স্ত্রীর সঙ্গে মহিমের অনৈতিক সম্পর্ক ছিল। সেই ক্ষোভ থেকে এই ঘটনা ঘটিয়েছেন তিনি।
