ডেস্ক রিপোর্ট
করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রামীণ শক্তি
গ্রামীণ শক্তি প্রধান কার্যালয়ের সব কর্মী ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। দেশের ১০টি জেলায় এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির অধীনে প্রায় ১ হাজার পরিবারের কাছে ত্রাণ বিতরণ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আরো অন্তত ৭৫০ জন দুস্থ মানুষের জন্য তিন মাসের খাদ্যসহায়তা দেওয়ার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। গতকাল ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রূপগঞ্জে দলিল লেখক সমিতির আহ্বায়ক
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীকের নির্দেশে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ১ হাজার ৭০০-এর অধিক কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রূপগঞ্জ দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির আহ্বায়ক এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন তার ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, ওসি মাহমুদুল হাসান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহেদ আলী প্রমুখ।
আড়াইহাজারে কর্মহীনদের মধ্যে খাদ্য বিতরণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদাতা জানান, উপজেলার বিশনন্দী ইউনিয়নের শরিফপুর গ্রামের বাসিন্দা, উপজেলা বিআরডিবির পরিচালক ও আনছার কমান্ডার আ. গনি মোল্লার পরিবারের উদ্যোগে গতকাল শরিফপুর ও কড়ইতলার ২৫০ কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ করেন আড়াইহাজার থানা প্রেস ক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মুজিব, ইউপি সদস্য আবুল হোসেন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন অনু, সমা প্রধান, আ. গনি মোল্লা, রিয়াজ উদ্দিন ও শাহজালাল মোল্লা প্রমুখ।
সোনারগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুব সরকার কর্মহীন ২ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার হামছাদী ঢাকাবরণ গ্রামে বিতরণের সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সদস্য সুরাইয়া, কবির হোসেন সরকার, ছাত্তার, আমীর হোসেন, ছগীর সরকার প্রমুখ।
ধামরাইয়ে শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. এনামুল হক আইয়ুব, প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান, আজীবন দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান বিপ্লব ও অন্য শিক্ষক এবং সদস্যদের অর্থায়নে ও উপস্থিতিতে গতকাল শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জে র্যাব সদস্য
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন র্যাব সদস্যরা। গতকাল র্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে র্যাব সদস্যরা সিদ্ধিরগঞ্জের সর্ববৃহত্ মক্কীনগর মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা ও খানকায়ে জামে মসজিদের শিক্ষক ও ইমাম-মুয়াজ্জিনদের খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেন।
