সোনারগাঁওয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ১৫ জনকে কুপিয়ে জখম

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:৪৪

জমি নিয়ে বিরোধের জের

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে অন্তঃসত্ত্বা মহিলাসহ ১৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় মো. আওলাদ হোসেন নামে এক জন বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আহসানউল্লাহ নামের এক জনকে আটক করে সোনারগাঁও থানা পুলিশ।

জানা যায়, মামরকপুর গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে একই গ্রামের গাজী আবু তালেবের ছেলে গাজী আওলাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি আদালতের রায় আমিনুল ইসলামের পক্ষে আসে। গতকাল শুক্রবার সকালে আমিনুল ইসলাম ও তার ভাই সিরাজুল ইসলাম ঐ জমিতে শ্রমিক নিয়ে আগাছা পরিষ্কার করতে যায়। এ সময় গাজী আওলাদ জমিতে গিয়ে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে গাজী আওলাদের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ১৫ জন আহত হয়। পরে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে আওলাদ ও তার লোকজন।

গাজী আওলাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সঙ্গে কথা বলবে বলে ডেকে নিয়ে আমাকে ও আমার লোকজনকে পিটিয়ে ও ট্যাটাবিদ্ধ করে আহত করা হয়েছে। আমার লোকজনও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে।’

‘সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক জনকে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।