সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে গোদনাইলের এসও রোড এলাকায় ত্রাণ বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জ্বালানি তেল ব্যবসায়ের আধিপত্য বিস্তারের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডল করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ দেওয়ার সময় বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমানের সমর্থক যুবলীগ নেতা ও তেল ব্যবসায়ী আশ্রাফ উদ্দিনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় আশ্রাফের লোকজন সিরাজ মণ্ডলের নামে কটূক্তি করে। এতে সিরাজ মণ্ডলের লোকজন প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সিরাজ মণ্ডলের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষ পালিয়ে যায়। কিছুক্ষণ পর ফের তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিরাজ মণ্ডলের লোকজনের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায়। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র্যাব-১১ এর একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়লে উভয় পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়।
