প্রতিবেশী মা-ছেলে গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের বিনোদপুর গ্রামে তুচ্ছ ঘটনায় ইসলাম মাদবর নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ নিহতের মামাতো বোন প্রতিবেশী নয়ন তারা ও তার পুত্র সেলিম মিয়াকে গ্রেফতার করেছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, বাসার কাছে ময়লা ফেলতে বাধা দেওয়ায় গত ৫ এপ্রিল ঝগড়ার এক পর্যায়ে ইসলাম মাদবরের ওপর হামলা চালায় সেলিম ও তার মা। মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইসলাম মাদবর বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। এরপরই মা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নিহতের পুত্র জয়নাল আবেদীন রাকিব বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত ও ময়নাতদন্ত সম্পন্ন হয়নি।
