আইইবির টেলিমেডিসিন সেবা চালু

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:৪৬

ইত্তেফাক রিপোর্ট

বিশ্বব্যাপী মহামারি নোভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে সারাদেশের মানুষের কাছে চিকিত্সাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশে প্রকৌশলীদের সর্ববৃহত্ প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বিনা মূল্যে টেলিমেডিসিন সেবা চালু করেছে। দেশের যে কেউ ০৯৬১১৮৮৮১১১ নম্বরে ফোন দিয়ে টেলিমেডিসিন সেবা নিতে পারবেন প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। যেখানে পর্যায়ক্রমে ৩৪ জন বিশেষজ্ঞ ডাক্তার বিনা মূল্যে সেবা দিবেন। ডাক্তাররা প্রতিদিন ১ ঘণ্টা করে রোস্টারিং-এর মাধ্যমে সেবা প্রদান করবেন। পরবর্তীতে কোনো রোগী যদি তার কোনো টেস্ট রিপোর্ট ডাক্তারকে দেখাতে চান তাহলে [email protected] এই মেইলে সাবজেক্টে ডাক্তারের নাম বা কোড লিখে রিপোর্ট সংযোজন করে মেইল করবেন। সংশ্লিষ্ট ডাক্তার সময়ানুযায়ী রিপোর্ট দেখে পরবর্তী করণীয় ঠিক করে দিবেন। এ বিষয়ে আইইবির প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, এই সেবা দেশের সবার জন্য বিনা মূল্যে উম্মুক্ত থাকবে। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ ফোন করে এই সেবা গ্রহণ করতে পারবেন।