চট্টগ্রামে প্রেমিকাকে ঝাড়ফুঁক করায় কবিরাজ খুন প্রেমিকসহ গ্রেফতার ছয়

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:৪৯

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে প্রেমের সম্পর্ক ভাঙতে প্রেমিকাকে ঝাড়ফুঁক করায় এক কবিরাজকে খুন করেছে কথিত প্রেমিক। এ ঘটনায় গতকাল শুক্রবার কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকা থেকে প্রেমিক মো. মহিউদ্দিনসহ ছয় যুবককে গ্রেফতার করেছে র্যাব। এলাকার একটি গোয়ালঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত তিনটি লোহার রড উদ্ধার করা হয়েছে। গ্রেফতার বাকি পাঁচ জন হলো—মহিউদ্দিনের ছোটো ভাই মো. রাব্বী, মো. কাইয়ুম, মো. ইরফান, নাইমুল হক সাকিব ও আবদুল করিম রিফাত। গ্রেফতার ছয় জনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

র্যাব জানায়, কর্ণফুলী থানার ইছানগর এলাকার যুবক মহিউদ্দিনের সঙ্গে একই এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়েটির মা মেনে নিতে পারেননি। তাই প্রেমের সম্পর্ক ভাঙতে তিনি মেয়েকে সায়ের মোহাম্মদ সাগর নামে এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ তাকে ঝাড়ফুঁক করে তাবিজ দেয়। বিষয়টি জানতে পেরে কয়েক দিন আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করে মহিউদ্দিন। এর পাশাপাশি ঝাড়ফুঁক করার জন্য কবিরাজকেও শায়েস্তা করার পরিকল্পনা করে সে।

গত ১৯ এপ্রিল এক জনের অসুস্থতার কথা বলে কয়েক যুবক কবিরাজ সাগরকে কর্ণফুলী শিকলবাহা এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সিএনজি অটোরিকশা করে তাকে চরলক্ষ্যা এলাকায় নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, হত্যাকাণ্ডে জড়িত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এই ছয় জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। ছয় জন ছাড়াও আরো তিন জনের সম্পৃক্ততা জানতে পেরেছি আমরা। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।