চট্টগ্রামে আড়তে অভিযানের পর আদার দাম অর্ধেক কমল

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:৪৯

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়তে অভিযানের পর আদার দাম প্রতি কেজিতে ৭০ থেকে ৯০ টাকা কমেছে। গতকাল শুক্রবার এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, অভিযানে খাতুনগঞ্জ পাইকারি বাজারের ইরা ট্রেডার্সকে বেশি দামে আদা বিক্রি করায় ৪০ হাজার, নুরুল হক ট্রেডার্সকে একই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অনেক আড়তদার দোকান বন্ধ করে গা ঢাকা দেয়। অভিযানের আগে আড়তের মূল্য তালিকায় প্রতি কেজি মিয়ানমারের আদার দাম লেখা ছিল ১৮০-২১০ টাকা।

অভিযানের পর মিয়ানমার থেকে আমদানি করা প্রতি কেজি আদা পাইকারিতে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।