রাজধানীর সবজি বাজারে ভোটের উত্তাপ ছড়িয়েছে। হঠাত্ করেই সবজিভেদে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। অথচ এখন শীতকালীন সবজির ভরা মৌসুম। ফলে বিপাকে পড়েছে ভোক্তারা। সবজি ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের কারণে রাজধানীর বাজারগুলোতে সবজি সরবরাহ কমেছে। পর্যাপ্ত সবজি আসছে না। তাই দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ বাজারে পর্যাপ্ত সবজি থাকা সত্ত্বেও বিক্রেতারা দাম বাড়িয়েছে। শনিবার রাজধানীর কাওরানবাজার ও নিউমার্কেটসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন সবজির দামের এ চিত্র পাওয়া য়ায়।
গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে নতুন আলু ৩৫ থেকে ৪০ টাকা, শিম, শালগম ও মুলা ৪০ টাকা, গাজর ৪০ টাকা থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪৫ থেকে ৫০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৪০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, শশা ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কাঁকরোল ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়।
এছাড়া বাঁধাকপি ও ফুলকপি প্রতিটি আকারভেদে ৩০ থেকে ৩৫ টাকা, লাউ ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। অথচ ২/৩ দিন আগেও সবজিভেদে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হয়েছে। কাঁচামরিচ বিক্রি হয়েছে ৪০ টাকা কেজিতে।
এদিকে হঠাত্ করে সবজির দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। গতকাল বাজার করতে এসে অনেক ক্রেতাই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
নিউমার্কেটে বাজার করতে আসা হেদায়েত হোসেন বলেন, নির্বাচনকে ইস্যু করে ব্যবসায়ীরা সবজির দাম বাড়িয়েছেন। বলা হচ্ছে, বাজারে সবজির সরবরাহ কম। অথচ সবজিতে বাজার ভরা।
এ প্রসঙ্গে রাজধানীর সবজির অন্যতম বড় পাইকারি বাজার কাওরানবাজারের সবজি ব্যবসায়ী জাভেদ ব্যাপারী বলেন, নির্বাচনের কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমেছে। এজন্য দাম কিছুটা বেড়েছে। তবে এটা সাময়িক। নির্বাচনের পর বাজার স্বাভাবিক হয়ে যাবে।
