ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আজকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার অভিযোগে গতকাল শনিবার পর্যন্ত মোট ৩৫ জনকে আটক করেছে র্যাব-২। সর্বশেষ গত শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভিডিও কনটেন্ট তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন লক্ষ্মীপুরের সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক মো. মাহমুদুল হাসান, চুয়াডাঙ্গার সাইমুম শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক ও গায়ক আবদুল্লাহ আল নোমান, লক্ষ্মীপুরের মোরশেদুল ইসলাম, আ. কাদের, মোতাহের হোসেন তুহিন, গায়ক ও নেপথ্য কণ্ঠ দাতা দিদারুল ইসলাম, মো. আরিফুর রহমান ও অভিনেতা সাইফুল ইসলাম মিঠু ।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, সর্বশেষ আটককৃত ৮ জনের মধ্যে সাইমুম শিল্পী গোষ্ঠীর তিনজন, বাকি পাঁচজন এসব কনটেন্ট তৈরিতে বিভিন্নভাবে সংশ্লিষ্ট ছিল। তিনি বলেন, আটককৃত এ সব অপপ্রচারকারীরা নির্বাচন ঘিরে একটি অপকৌশল বেছে নিয়েছে। তার আওতায় তারা নিজেদের তৈরি ওয়েবসাইট ডোমেইন দিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার লক্ষ্যে গুজব ছড়াতে ১৫০টির অধিক পেজ তৈরি করে ভুয়া খবর প্রকাশ করেছে। এরপর বিভিন্ন কনটেন্ট তৈরি করে সেসব সাইট, ফেসবুক ও পেজে প্রচার করার উদ্দেশ্য ছিল তাদের। এসব কাজের জন্য একটি গোষ্ঠী থেকে ৪৭ লাখ টাকার অর্থায়ন পেয়েছে ওই গোষ্ঠী। তবে, অর্থায়নের মূল উত্স সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর সঙ্গে সংশ্লিষ্ট আরো কিছু ব্যক্তির নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাহমুদ খান আরো বলেন, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন স্টুডিও ভাড়া নিয়ে এসব কনটেন্ট তৈরি করতো। আটকদের মধ্যে ৫ জনই একটি স্বনামধন্য কলেজের শিক্ষার্থী । তবে তাদের সবাই জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরো বলেন, সাইবার জগতে একটি গোষ্ঠী বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। এসব গুজব নজরদারিতে তত্পর ‘র্যাব সাইবার মনিটরিং সেল’। নির্বাচন ঘিরে গুজব ছড়ানোর দায়ে এখন পর্যন্ত বিভিন্ন সময় ৩৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
