মহামারি করোনায় বিপর্যস্ত পরিস্থিতিতে এনজিওগুলো তাদের সাধ্য ও সামর্থ্য দিয়ে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। তবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ অন্যান্য মানবিক উন্নয়নে কাজ করে এমন বিপুলসংখ্যক এনজিও কোভিড-১৯ নিয়ন্ত্রণে নিজেদের সর্বস্ব দিয়ে কাজ করছে, যারা ঋণ কার্যক্রমে জড়িত নয়। তাদের জন্যও বিশেষ প্রণোদনা প্রয়োজন। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সমন্বয়কারী সংগঠন ‘এডাব’ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এডাব’ এর সদস্য সংস্থাগুলো বরাবরের মতো এই দুর্যোগেও সরকারের পাশাপাশি তাদের নিজস্ব অর্থায়নে মাঠ পর্যায়ে ব্যাপক কাজ করছে। তারা মনে করে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তা ও প্রণোদনা সহযোগিতা মাঠ পর্যায়ে দরিদ্রদের মাঝে পৌঁছে দিতে এনজিওসমূহ একটি বড়ো ভূমিকা রাখতে পারে।
