খুলনায় এম ডি তানভীর শান্ত নামে (৩০) একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর শিরোমণির বিসিক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শান্ত শিরোমণির বিসিক এলাকায় সুগুনা পোল্ট্রি ফিডের সহকারী ম্যানেজার ছিলেন। হত্যার পর দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের গোডাউনের অফিস রুমের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে। গত শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে।
সুগুনা পোল্ট্রি ফিডের ম্যানেজার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর শিরোমণি বিসিকের সাব ডিলার ডিপোর সহকারী ম্যানেজার তানভীর শান্তকে গত বৃহস্পতিবার গভীর রাতে গোডাউনের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং মুখে কুপিয়ে হত্যা করা হয়। শুক্রবার সকাল ১০টায় ডিপোতে মাল আনলোড করার জন্য একটি ট্রাক এলে শ্রমিকরা তানভীরকে ডেকে সাড়া না পেয়ে ডিপোর ম্যানেজার মোঃ মামুনুর রহমানকে জানান। মামুন ডিপোতে এসে প্রধান ফটকে দুটি তালার পরিবর্তে একটি তালা লাগানো দেখে পিছনের দরজা ধাক্কা দিয়ে খুলে তার লাশ দেখে পুলিশকে খবর দেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সোনালী সেন জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক বাহিনী কাজ করছে। প্রাথমিকভাবে প্রেমঘটিত অথবা তাস খেলার কিছুর আলামত পাওয়া গেছে। এ থেকে কিছু রহস্য বের হতে পারে। তবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পূর্বপরিচিত এটা নিশ্চিত।
