স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে রোগীদের মনোবল বৃদ্ধিতে ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে স্বাগত জানিয়েছেন চিকিত্সকরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরন্নবী এই উদ্যোগ গ্রহণ করেছেন। শুভেচ্ছা কার্ডে লেখা হয়েছে কোভিড-১৯ রোগী হিসেবে রংপুর হাসপাতালে আসায় আপনাকে স্বাগত। আপনার সেবায় আমরা সব সময় নিয়োজিত থাকব। আপনার দ্রুত আরোগ্য কামনা করি। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ঐ হাসপাতালে চিকিত্সাধীন পাঁচ জন রোগীকে চিঠি ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন্নবী লাইজু জানান, রোগীর সেবা দেওয়া আমাদের ব্রত। সে জন্যই করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে রোগীর মনোবল বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রংপুর সদর হাসপাতাল সংলগ্ন নবনির্মিত তিনতলা বিশিষ্ট ১০০ শয্যার শিশু হাসপাতালকে করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতাল হিসেবে চালু হয়েছে। এখানে বর্তমানে পাঁচ জন রোগী চিকিত্সা নিচ্ছেন। ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ১০টি আইসিইউ বেড এবং চিকিত্সকদের জন্য দুটি ও নার্সদের জন্য একটি আবাসিক কোয়ার্টার নির্ধারণ করা হয়েছে। চিকিত্সক ও কর্মকর্তা-কর্মচারী মিলে এখানে ৬৪ জন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। ১০টি ভেন্টিলেটর সুবিধাসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে নতুন এ আইসোলেশন হাসপাতালে। প্রথম ধাপে ১০টি আইসিইউ বেড ও ১০টি ভেন্টিলেটর দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে তা ৫০ এ উন্নীত করা হবে। হাসপাতালে পৃথক পৃথক কয়েকটি জোন খোলা হয়েছে।
