বরিশাল অফিস ও পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত পাঁচ জন রোগীকে স্থানান্তর করার জন্য বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ সড়ক ও লঞ্চঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকালে তারা সড়কের মধ্যে গাছ, কাঠ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন।
এলাকাবাসী জানায়, গত সোমবার নারায়ণগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স করে রোগী সেজে উপজেলার কালাইয়া ইউনিয়নে আসেন ছয় জন। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঐ অ্যাম্বুলেন্সটিকে জব্দ করে ছয় যাত্রীকে আটক করে উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শ্রেণিকক্ষে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেন। পড়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকার রোগ তত্ত্ব ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা সাংবাদিকদের জানান, তাদের ছয় জনের মধ্যে পাঁচ জনই করোনায় আক্রান্ত হয়। তাদেরকে ঐ কলেজেই প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিত্সা চলবে। এমন সংবাদ প্রকাশের পর শনিবার এলাকাবাসী করোনায় আক্রান্তদের স্থানান্তর করার জন্য বিক্ষোভ করে। বিক্ষোভরতরা এই রোগীদের লোকালয়ে রেখে চিকিত্সা না করে হাসপাতালে চিকিত্সা করার দাবি জানান।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, এ বিষয়ে চিকিত্সকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশ মোতাবেক কাজ করা হবে।
