বোরহানউদ্দিনে করোনা আক্রান্ত শিশু আইসোলেশনে বাজারসহ ৩০ বাড়ি লকডাউন

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:২৯

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

করোনা প্রতিরোধে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারসহ ৩০টি বাড়ি লকডাউন করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভাপতি মো. বশির গাজী। বৃহস্পতিবার রাতে জেলায় প্রথম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের এক কন্যাশিশুর করোনা পজিটিভ আসে। এরপর শনি ও শুক্রবার দুই দিনে ঐ শিশুটির বাসস্থান কাচিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার সংলগ্ন গ্যাস ফিল্ড রোডের পন্ডিত বাড়ি, আশপাশের পাঁচটি বাড়ি, পাশের বোরহানগঞ্জ বাজার তার স্বজনদের বাড়িসহ ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তপতী চৌধুরী বলেন, করোনা পজিটিভ শিশুটি বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছে। তবে তিন-চার দিন পরে তার নমুনা পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হবে।