নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী শূন্যতায় স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজকে সমর্থন দিয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটি। গত শুক্রবার ওই নির্দেশনা পাঠানো হয় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা কার্যালয়ে। শাখা সভাপতি আবদুল গফুর সরকার জানান, আইনি জটিলতায় সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা সর্বোচ্চ আদালতে স্থগিত হয়। পরবর্তীতে সংগীত শিল্পী বেবী নাজনীনকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতীক বরাদ্দের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করেন। কিন্তু সময় স্বল্পতার কারণে বেবীও মনোনয়ন বঞ্চিত হন। ফলে এ আসনে বিএনপির নেতাকর্মীরা অনেকটা অসহায় হয়ে পড়েন। বর্তমানে সৈয়দপুর ও কিশোরগঞ্জ এলাকার নেতা-কর্মীকে মিনহাজুল ইসলামের সিংহ প্রতীকের হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
