স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেডের নির্বাহী ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড মনে করেন, দল বদলের বাজারে শেষ কয় বছরে যে অর্থের ছড়াছড়ি দেখা গেছে করোনা ভাইরাসের কারণে সেটা ভবিষ্যতে কমে আসবে।
করোনা ভাইরাসের কারণে গেল মাস থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ স্থগিত আছে। তবে এই সময়ে জমে উঠেছে দলবদলের সব গুঞ্জন। ম্যানচেস্টার ইউনাইটেডেই যেমন হ্যারি কেইন ও জ্যাডোন সাঞ্চোর আসার গুঞ্জন চলছে।
তবে তেমন কিছুকে উড়িয়ে দিয়ে ইউনাইটেড ভাইস চেয়ারম্যান জানালেন, বড়ো দলবদল নিকট ভবিষ্যতে প্রায় অসম্ভব। বললেন, ‘যে মানের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ফুটবল, তাতে কারোই দলবদল নিয়ে কোনো প্রকারের বিভ্রমে থাকা উচিত নয়। আসছে গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডসহ যে কোনো ক্লাবের জন্যই কাজটা আগের মতো সহজ হবে না।’
করোনার কারণে খেলা বন্ধ থাকায় দলগুলোর প্রধান আয়ের উত্স টিকিট বিক্রি থমকে আছে। সঙ্গে সঙ্গে থমকে গেছে দলগুলোর জার্সি, স্মারক প্রভৃতি বিক্রিও। একই পরিণতি টিভি স্বত্ব ও পৃষ্ঠপোষকদের অর্থেরও। সবকিছু মিলিয়ে অর্থনৈতিকভাবেও বড়ো রকমের অচলাবস্থায় পড়েছে ক্লাবগুলো। যে কারণেই মূলত আসছে দলবদলে বড়ো দলবদলের সম্ভাবনা কম দেখছেন উডওয়ার্ড।
তিনি যোগ করেন, ‘যে কোনো সময়ের মতো এবারও আমাদের প্রাধান্য থাকবে দলের সাফল্যেই। কিন্তু এটা যেভাবে দলবদলের সময় ভিন্ন ভিন্ন দিক থেকে পুরো ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলেছে এবং ফেলবে, এর পরিণতি সবাইকেই ভোগ করতে হবে। তার পরই কেবল আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারব।’
