প্রিমিয়ার ফুটবল লিগের ভাগ্য
স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া প্রিমিয়ার ফুটবল লিগের ভাগ্য নির্ধারণ হবে বাফুফের নির্বাহী কমিটিতে। আগামী ১৫ মের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ক্লাবগুলোকে জানানো হবে। গতকাল এমন কথা জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।
বাফুফের লিগ কমিটি ক্লাবগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে। এতে উপস্থিত ক্লাবগুলো নিজেদের মতামত দিয়েছে। কিন্তু কোনো ঐকমত্য হয়নি। এই কনফারেন্সে কারো কারো মত যেটুকু খেলা হয়েছে তা বাতিল করে পরিস্থিতি ভালো হলে নতুনভাবে লিগ আয়োজন করা যায় কি না। বসুন্ধরার দাবি বিদেশি নিয়েই লিগ হোক। আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত সাদ রুপুর কথা বিদেশিরা নিরাপদে বাড়ি যাক। তিনি বলেন ‘খেলা কখন হবে তার কোনো নিশ্চিয়তা নেই।’
সালাম মুর্শেদী জানিয়েছেন লিগ বন্ধ করা কিংবা খেলা নিয়ে লিগ কমিটি সিদ্ধান্ত নিতে পারবে না। এটা বাফুফের নির্বাহী কমিটি সিদ্ধান্ত দেবে।
ব্রাদার্সের ফুটবল ম্যানেজার আমের খান বলেছেন,‘এখনই কীভাবে সিদ্ধান্ত দিবে আমরা বুঝতে পারছি না। করোনো পরিস্থিতি কোথায় যাবে তারই কোনো নিশ্চয়তা নেই। পরিস্থিতি ভালো হলে তখন সিদ্ধান্ত নেওয়াটাও সহজ হতো।’
ক্লাবগুলোর মধ্যে নানা মতামত উঠে এসেছে। দেশি ফুটবলাররা এরই মধ্যে বেশির ভাগ পারিশ্রমিক নিয়েছে। অথচ খেলা একভাগও সম্পন্ন হয়নি। ক্লাবগুলো অর্থ নিয়ে দুশ্চিন্তা করছে। কিছু কিছু ক্লাব দাবি তুলেছে এই লিগ বাতিল করে নতুন বছরের লিগ করা হলে তারা দেশি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে নতুন মৌসুমের জন্য খেলাবে। এই দায়িত্বটা ক্লাব নিজেরা করতে চায়।
এদের কথা যদি লিগের বাকি খেলা হয় তাহলে রেলিগেশন না রেখে শুধু লিগ চ্যাম্পিয়নশীপের জন্য খেলা হবে। আর বিদেশি ফুটবলারদের সঙ্গে আলোচনা করে বিদায় দেবে। এখানে বিভিন্ন ক্লাব তাদের স্বার্থের কথা বিবেচনা করছে। ক্লাবগুলো আর্থিক প্রণোদনা দাবি করেছে। তাদের বকেয়া দাবি করেছে। তবে সালাম মুর্শেদী বলেন, ‘প্রণোদনা দাবি করে লিগ বাতিল করার কথাও তোলা হয়েছে। কিন্তু বললেই হয় না এএফসির খেলা রয়েছে ক্লাব খেলতে যাবে। সেটা নির্ধারণ হবে কীভাবে।’
খেলা বন্ধ থাকায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তবে তারা বিদেশি খেলোয়াড় বাতিলের পক্ষে না। বসুন্ধরার ধারণা বিদেশি বাদ দিয়ে দেশি খেলোয়াড়দের নিয়ে লিগ আয়োজনের যেসব কথা তোলা হচ্ছে তা তার পেছনে গ্রহণযোগ্য যুক্তি তোলা হচ্ছে না।
