বল টেম্পারিংয়ের বৈধতা!

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৪৭

স্পোর্টস ডেস্ক

অনেক জল ঘোলার পর অবশেষে টেস্ট ক্রিকেটে বৈধতা পেতে পারে বল টেম্পারিং। আর এই ভাবনাটা এসেছে করোনা ভাইরাসের প্রকোপেই।

বলের এক পাশ চকচকে রাখতে মুখের লালা ব্যবহার ক্রিকেটের পুরোনো রীতির একটি। করোনা ভাইরাসের প্রভাবে থমকে যাওয়া ক্রিকেট আবার শুরু হলে আপাতত নাও দেখা যেতে পারে এই দৃশ্য। সেক্ষেত্রে আম্পায়ারের তত্ত্বাবধানে লাল বলে কৃত্রিম বস্তু ব্যবহার করার অনুমতি দেওয়া হতে পারে। তবে, সেটা শুধুই টেস্টে বা বড়ো পরিসরের ক্রিকেটে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেট আবার শুরু হওয়ার আগে আইসিসির মেডিক্যাল কমিটি বলে লালার ব্যবহারের বিষয়টি আলোচনা করবে। ইনিংসের প্রথম দিককার ওভারগুলোর পর ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য রাখতে বলের উজ্জ্বলতা রক্ষা করার প্রয়োজনীয়তা ভালোভাবেই বুঝতে পারছেন নীতিনির্ধারকরা।