ইফতারি কেনাবেচায় কঠোর নিয়ন্ত্রণ রাখুন

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২২:১৪

পবিত্র মাহে রমজানে সারা দিন রোজা পালন করে সন্ধ্যায় রকমারি ইফতারির স্বাদগ্রহণ মুসলমান সমপ্রদায়ের চিরাচরিত রীতি। বাঙালি মুসলিম পরিবারের ইফতারিতে ঘরে তৈরির পাশাপাশি বাজারের বিচিত্রসব ইফতারি যোগ হয়। এ বছর বিশ্বজুড়ে করোনা সংক্রমণ সমস্ত হিসেবনিকেশ উলটেপালটে দিয়েছে। দেশে দেশে চলছে নজিরবিহীন লকডাউন। পৃথিবী বিখ্যাত খাবারের দোকানগুলোও বন্ধ। কারণ খোলাখাবারের মাধ্যমে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণের যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশ এমনিতেই সব না-মানার দেশ। সরকার ঘোষিত লকডাউনও মানুষ পুরোপুরি মানছে না। এবারেও খোলাবাজারে রকমারি ইফতারি কেনাবেচা হবে—তা প্রকাশ্যেই হোক বা গোপনে। ক্রেতা-বিক্রেতা উভয়ই এ কাজে তত্পর থাকবে। শেষতক করোনার সংক্রমণ রোধে তীরে এসে তরি ডোবার অবস্থাও হতে পারে। তাই খোলাবাজারে গোপনেও যাতে ইফতারি কেনাবেচা না হয়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর থাকতে অনুরোধ করছি। এছাড়া সরকারিভাবে প্রচার মাধ্যমে যেন ঘরে তৈরি ইফতারি গ্রহণে উত্সাহিত করা হয়, ব্যাপক প্রচারণা করা হয়—তাও কাম্য।

কামাল আহমেদ

আশ্রাবপুর, রাজার বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ