ধূমপানে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২২:১৪

করোনা ভাইরাস মূলত ফুসফুসে আক্রমণ করে। সাধারণত জ্বরের সঙ্গে শুকনা কাশি দিয়ে শুরু হয়। জ্বর ও কাশির এক সপ্তাহের মাথায় তীব্র শ্বাসকষ্ট অনুভূত হয়। এ প্রসঙ্গে আমরা বিশেষজ্ঞ চিকিত্সকদের কথার সূত্র ধরে বলতে চাই, ধূমপানে ফুসফুস আক্রান্ত হয়, কাশি হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। তাই আমাদের অনুমান, করোনা ভাইরাসের সঙ্গে ধূমপানের একটি যোগসূত্র থাকতেও পারে। এ বিষয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট করোনায় মৃত, হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, আইসোলেশন ও চিকিত্সাধীনে থাকা আক্রান্ত ব্যক্তিদের ওপর একটি জরিপ চালালে বস্তুনিষ্ঠ তথ্য বেরিয়ে আসবে। জরিপের ফল যদি পজিটিভ হয় তাহলে করোনা ভাইরাসের ক্রমবর্ধমান বিস্তার প্রতিরোধে ধূমপানসহ সব ধরনের তামাকজাত দ্রব্যের উত্পাদন, বিক্রয় ও ব্যবহার ছয় মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ তামাকজাত দ্রব্য যে ফর্মেই (বিড়ি, সিগারেট, গুল ও জর্দা) ব্যবহার করা হোক, শারীরিক ক্ষতি একই বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক তথ্যে জানা যায়।

হাজী মো. আলী বশির

৮৮/৮৯ আগা সাদেক রোড, ঢাকা

মাহবুব আলী

৪১ আবদুল হাদি লেন, ঢাকা