মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২২:১৮

ইত্তেফাক রিপোর্ট

নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় গতকাল শনিবার রাজধানীতে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে উত্তরার বিডিআর মার্কেট কাঁচাবাজারের রাজন মাংস বিতান, মিম জেনারেল স্টোর, আমিন এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় বেশি দামে পণ্য বিক্রয় না করা, রমজানকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। পরে মিরপুর-১০ এবং পল্লবী থানা সংলগ্ন টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।