ইত্তেফাক রিপোর্ট
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কাছ থেকে উপহার হিসেবে পাওয়া পাঁচ হাজার সার্জিক্যাল মাস্কের কিছু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেননের তত্ত্বাবধানে পার্টির নেতারা হাসপাতাল দুটির কর্মকর্তাদের কাছে গতকাল শনিবার এই মাস্ক হস্তান্তর করেন।
ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিপিসির দেওয়া এই উপহার মাস্ক দেশের বিভিন্ন হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। করোনা ভাইরাসের এই দুর্যোগে এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ওয়ার্কার্স পার্টি। সারাদেশে সামর্থ্য অনুযায়ী দুস্থ-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণও অব্যাহত রেখেছেন পার্টির নেতারা।
