করোনার উত্স সন্ধান

আন্তর্জাতিক স্বাধীন তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান চীনের

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২২:৩৬

নতুন করোনা ভাইরাস মহামারি রূপ নিয়েছে। গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব দেখা দেয়। এ ভাইরাস প্রকৃতিগতভাবে এসেছে, নাকি পরীক্ষাগারে সৃষ্টি হয়েছে তা নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব এরই মধ্যে বেরিয়েছে। এসব আলোচনার মধ্যে নতুন করোনা ভাইরাসের উত্স অনুসন্ধানে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। যুক্তরাজ্যে চীনের এক জন শীর্ষ কূটনীতিক চেন ওয়েন বলেছেন, স্বাধীন তদন্তের এ দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে করোনার বিরুদ্ধে চীনের চলমান লড়াই বাধাগ্রস্ত হবে।

বিবিসির এক খবরে বলা হয়েছে, ধারণা করা হয় গত বছর উহানের একটি বন্যপ্রাণীর বাজার থেকে এ ভাইরাসের উত্পত্তি। যদিও চীনে এ ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই এর উত্পত্তি ও বিস্তার নিয়ে তদন্তের দাবি ওঠে। অনেকেই মনে করেন, এ সংক্রান্ত তথ্য বিভিন্ন দেশকে এই ভাইরাসের সংক্রমণ রোধে সহায়তা করবে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীনের বিরুদ্ধে ভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় এই ভাইরাস ছড়িয়ে পড়ায় চীনকে দোষারোপ করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিসৌরিতে চীন সরকারের বিরুদ্ধে একটি মামলা করেছে। অভিযোগ চীন সরকার এই ভাইরাসের বিস্তার ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেয়নি। বিজ্ঞানীদের একটি অংশও আশঙ্কা করছে, উহানের পরীক্ষাগারে এ ভাইরাসের ওপর কাজ করা হয়ে থাকতে পারে।  

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, আগামী মাসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে তিনি এ বিষয়ে তদন্তের দাবি তুলবেন। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত প্রদানকারী কর্তৃপক্ষ। তবে চীনের কূটনীতিক চেন ওয়েন বলেন, আন্তর্জাতিক তদন্তের এ দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। চীন এখনো এ ভাইরাসের বিরুদ্ধে লড়ছে। এর মধ্যে তদন্তের দাবি শুধু মনোযোগই নয়, সম্পদেরও অপচয় ঘটাবে। চীন কখনোই এ তদন্তের বিষয়ে সম্মতি দেবে না।