স্বাস্থ্যকর্মীদের প্রতি উত্সর্গকৃত জাতিসংঘের সঙ্গীতে পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২২:৩৯

করোনা ভাইরাসের কারণে বিশ্ব নজিরবিহীন সংকটে পড়েছে। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত। এই বৈশ্বিক মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পৃথিবীর দেশসমূহের সঙ্গে সমন্বয় করে এই সমস্যা মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

জাতিসংঘের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তির বছরে এই সংকটময় মুহূর্তে সংস্থার বর্তমান ও সাবেক ২৬ জন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাইকেল জ্যাকসনের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ সঙ্গীতের মাধ্যমে এই সমস্যা মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এদের মধ্যে কয়েকজন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি হিসেবে এতে অংশগ্রহণ করেন।

যেসব ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী পৃথিবীকে করোনামুক্ত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে এ সঙ্গীতটি উত্সর্গ করা হয়েছে। এছাড়া এই সঙ্গীতের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় সলিডারিটি রেসপন্স ফান্ডে অনুদান প্রদানকে উত্সাহিত করা হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।