ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মাসরুল হক অপু নামের ছাত্রলীগ নেতাকে আত্মহত্যায় প্ররোচনা মামলার মূল আসামি নার্গিস আক্তার লুৎফাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নার্গিস আক্তার লুৎফা লাখাই উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মৃত আশকর আলীর মেয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহিম আকন্দ জানান, অপু‘র পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনায় মামলা করা হলে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের অগ্রগতির পর তাকে গ্রেফতার করা হয়। গত ১৪ এপ্রিল রাতে ফান্দাউক নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অপু। এ ঘটনায় বাবা মোজাম্মেল হক ছেলে মাসরুল হক অপু‘র মৃত্যুর পেছনে নার্গিস আক্তার লুৎফার প্ররোচনার অভিযোগে বাদী হয়ে নার্গিস আক্তার লুৎফাসহ ৬ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা করে। মামলার এজাহারভুক্ত ১নং আসামী নার্গিস আক্তার লুৎফাকে গ্রেফতার করা হয়।
পারিবারিক সূত্রে জানায়,এই নারীর সাথে মোবাইলে কথার বলার পর পরই মানসিক চাপ সইতে না পেরে ১৪ এপ্রিল মঙ্গলবার রাত প্রায় সাড়ে নয়টার দিকে নিজের বাড়ির জাম্বুরা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
