দ্রুত করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষার কিট সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ‘গেরিলা কমান্ডার মেজর এ টি এম হয়দার বীর উত্তম মিলনায়তনে’ মার্কিন সিডিসি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির কাছে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা এ কিট হস্তান্তর করেন। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, কিট উদ্ভাবনের প্রধান গবেষক ড. বিজন কুমার শীল, গবেষণা দলের সমন্বয়কারী ডা. মুহিবুল্লাহ খন্দকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। অবশ্য এ সময় সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। গণস্বাস্থ্য কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রবিবার অধিদপ্তরের কাছে এ কিট পৌঁছে দেওয়া হবে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) কয়েকটি প্রতিষ্ঠানকে কিট পরীক্ষা ও মতামতের জন্য নমুনা প্রদান করা হবে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আশা করছি সরকার এ কিট যাচাই-বাছাই করে দ্রুত অনুমোদন দেবে। অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে কিট উত্পাদন শুরু করব। পর্যায়ক্রমে ১ লাখ কিট দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
প্রস্তুত করা কিট সফল দাবি করে গবেষক দলের প্রধান ড. বিজন কুমার শীল বলেন, এন্টিবডি ও এন্টিজেনের সমন্বয়ে কিট তৈরি করা হয়েছে। এটি পাঁচ মিনিটের মধ্যে সুনির্দিষ্টভাবে করোনা রোগী শনাক্ত করতে সম্ভব।
