মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বিশ্বের সকল উন্নত দেশসহ দুই শতাধিক দেশ আর্থিকভাবে করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব দেশের মধ্যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এই প্যাকেজ ঘোষণার ফলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত আর্থিক খাতসহ সকল সেক্টরে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।’ মন্ত্রী গতকাল শনিবার পিরোজপুরে করোনা আক্রান্তদের চিকিত্সায় নতুন অ্যাম্বুলেন্সসহ স্বাস্থ্য বিভাগের জন্য পাঁচটি গাড়ির চাবি সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকিরের হাতে হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা রোগী ও চিকিত্সকদের আনা-নেওয়ার জন্য এ গাড়ি সরবরাহ করে।
এর আগে মন্ত্রী শ ম রেজাউল করিম ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর-১ আসনের তিন উপজেলায় দরিদ্র ১৫ হাজার পরিবারের মাঝে বিতরণের জন্য ইফতার ও খাদ্যসামগ্রী প্যাকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসব ইফতার ও খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গাড়ির চাবি হস্তান্তর ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
