গণপরিবহনও বন্ধ থাকবে ৫ মে পর্যন্ত

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০০:৪৮

দেশব্যাপী করোনা পরিস্থিতি মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোয় গণপরিবহন বন্ধের মেয়াদও বাড়ানো হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে পণ্যবাহী যানবাহন চলবে।

এদিকে, স্থানীয় ও দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। যারা এই পণ্যবাহী পরিবহনে (ট্রাক-কাভার্ড ভ্যান ইত্যাদি) যাত্রী পরিবহন করবেন তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের ২০১৮ সালের ১০২ নম্বর ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এই ধারা লঙ্ঘন করলে এক মাসের কারাদণ্ড কিংবা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। গতকাল শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) পরিচালক (ইঞ্জিনিয়ারিং) থেকে এক প্রজ্ঞাপণে এসব কথা বলা হয়েছে।

যেসব পরিবহন চলবে: জরুরি পরিষেবাসমূহ যেমন খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধ শিল্প, চিকিত্সা সেবা ও চিকিত্সাবিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মত্স্য ও  প্রাণিসম্পদ,  পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার প্রথম ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরবর্তীকালে এ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটির মধ্যে গণপরিবহন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়।