জনগণ ভোটের মাধ্যমে এবার পরিস্থিতি বদলে দেবে : মির্জা ফখরুল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে এবার পরিস্থিতি বদলে দিবে। শনিবার দুপুর ১টায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাত্কার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই যে জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’

নিজ দলের কর্মীদের আটকের বিষয়ে তিনি বলেন, ‘গতকাল বিএনপির যেসব কর্মীকে আটক করা হয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ নেতা। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। তবে এরপরও কিন্তু আমাদের সাধারণ ভোটারকে কেউ হতাশ করতে পারবে না। আমরা আশা করি যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। ’

বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো বিরোধ আছে কি না এমন এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এগুলো সমস্ত সরকারের কূটচাল। একেবারে ভিত্তিহীন। এগুলো কোনোটাই সঠিক নয়। বিএনপি নির্বাচনে আছে থাকবে বলে জানান তিনি।