মধুখালীতে সারের দাবিতে আখ চাষিদের মানববন্ধন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:০৮

মঙ্গলবার মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলের আখ চাষিরা সারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। চলতি ২০১৮-২০১৯ রোপণ মৌসুমে চাষিরা সার সংকটের কারণে সঠিক সময়ে আখ রোপণ করতে পারছেন না। তাই তারা সারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কে এ মানববন্ধন ও ফরিদপুর চিনিকল প্রধান ফটকে অবস্থান নেন।  মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চলাকালে আখ চাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আদর্শ আখ চাষি মো. মোতালেব ফকির, কল্যাণ সংস্থার সহ-সভাপতি মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া প্রমুখ।  ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেন বলেন, আমরা আশা করছি আগামী শনিবারের মধ্যে ৭৬০ টন সার পেয়ে যাবো এবং তা দ্রুত আখ চাষিদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।