সিলেটে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১৬২১, চার স্তরের নিরাপত্তা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনে এবার আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১০ জন রয়েছেন হেভিওয়েট প্রার্থী। এই বিভাগে মোট ২ হাজার ৮০৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১ হাজার ৬২১টি কেন্দ্রকে। প্রশাসন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সিলেট বিভাগের চার জেলায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করেছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, যাবতীয় সরঞ্জামাদী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পৌঁছে গেছেন। মাঠে রয়েছেন বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ৬৫ হাজার সদস্য।

সিলেটের মহাজোটের প্রার্থীরা নির্বাচন নির্বিঘ্ন ও অংশগ্রহণমূলক হবে বলে দাবি করছেন। অপরদিকে বিএনপির প্রার্থী ও নেতৃবৃন্দ বলেছেন, তাদেরকে পুলিশী হয়রানির মধ্যে নির্বাচন করতে হচ্ছে। নেতাকর্মীরা কারাগারে। কর্মীদের ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। গ্রেফতার আতঙ্কে রয়েছে। অনেক স্থানে তারা এজেন্ট সংকটে ভুগছেন।

চার স্তরের নিরাপত্তা: সিলেট বিভাগের চার জেলায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ৬৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে বিশেষ নিরাপত্তার পাশাপাশি প্রত্যেক কেন্দ্রে থাকবেন পুলিশের সাদা পোষাকের একজন সদস্য। সেনা, বিজিবি ও র্যাব সদস্যরা থাকবেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা  জানান, ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।  নির্বাচন কমিশন  সূত্র জানায়, এবার সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে মোট ভোটার ৬৬ লাখ ২০ হাজার ৬০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৩ লাখ ৩৬ হাজার ৪০৫ জন ও ৩২ লাখ ৮৪ হাজার ২০১ জন হলেন মহিলা ভোটার। ২ হাজার ৮০৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩ হাজার ৫৯৬ টি ভোট কক্ষ রয়েছে। এসব কেন্দ্রে থাকবেন আইন-শৃংখলা বাহিনীর ৪৯ হাজার ৩০৬ জন সদস্য। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ১ হাজার ৬২১ কেন্দ্রে ২৯ হাজার ১৭৮ জন ও সাধারণ ১ হাজার ১৮৪ ভোট কেন্দ্রে থাকবেন ২০ হাজার ১২৮ জন সদস্য।

সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার নুরুল ইসলাম বলেন, সিলেট রেঞ্জের সকল ভোট কেন্দ্রে ও ভোটারদের জন্যে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন সদস্য থাকবেন। এছাড়াও মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সও রয়েছে।

হেভিওয়েট প্রার্থী:সিলেটে ১০ হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছেন- মর্যাদার আসন সিলেট-১ আসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই জাতিসংঘের সাবেক বাংলাদেশ প্রতিনিধি ড. মোমেন (নৌকা), সিলেট-৬ আসনে বর্তমান এমপি ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ (নৌকা), সুনামগঞ্জ-৩ আসনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান (নৌকা),   মৌলভীবাজার-৪ আসনে আবদুস শহীদ (নৌকা), হবিগঞ্জ-১ আসনে সাবেক অর্থমন্ত্রী মরহুম এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া (ধানের শীষ) প্রমুখ।