গ্রাম গঞ্জেও নৌকার পক্ষে গণজোয়ার দেখেছি :নাসিম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশ নির্বাচনী জোয়ারে ভাসছে। গ্রামগঞ্জেও নৌকার পক্ষে গণজোয়ার দেখেছি। বাংলার চিরায়ত নবান্ন উত্সবের মতোই ছিল এ নির্বাচনী উত্সব। বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নেই। গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা শুধু এ দেশের মানুষ নয়, বিশ্ববাসীও  স্বীকার করেছে। দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে গেছে, মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এ সব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে।

গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজীপুরে নির্মিত ৫শ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটরিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর পুণ্যভূমি কাজীপুরে  শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক নানা কারুকাজের স্থাপত্যশৈলীর এ অডিটরিয়ামের মূলভবন নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় সাত কোটি টাকা। বাউন্ডারী ওয়াল সংযোগ সড়কসহ আনুষঙ্গিক কাজ মিলিয়ে এর নির্মাণ ব্যয় প্রায় ৯ কোটি টাকা। এ সময় তার সাথে ছিলেন বিশিষ্ট শিল্পপতি স্ট্যান্ডার্ড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক কাজীপুরের ভোটার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম হায়দার খোকাসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

হামলা মামলার কারণে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীরা মাঠে নামতে পারছেন না— এমন অভিযোগের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের এমন অভিযোগ ভিত্তিহীন। জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। প্রায় এক মাস যাবত্ নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে। কিন্তু কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।  দেশজুড়ে নির্বাচনে বিচ্ছিন্ন ছোট খাটো দু-চারটি ঘটনা ঘটতে পারে তা স্বীকার করে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে তারা প্রচারে না নেমে, পোস্টার লিফলেট বিতরণ না করে ঘরে বসে অসত্য অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাঁয়তারা করছে। তিনি বলেন, নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি হবে এবং নিরাপদ, নির্বিঘ্নে মানুষ ভোট উত্সবে যোগ দেবে।