জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার বিশ্বাস আজ রবিবারের নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। তার ধারণা, বিএনপি-জামায়াত নির্বাচন ব্যাহত করার চেষ্টা করবে এবং মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে। গতকাল শনিবার সজীব ওয়াজেদ জয় তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন। সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আমার বিশ্বাস আজকের নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। আমার আওয়ামী লীগের ভাই ও বোনেরা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করাই আপনাদের মূল দায়িত্ব। সকল জনমত জরিপ বলছে বিএনপি-জামায়াত বিশাল ব্যবধানে পরাজিত হবে। তাই তারা তত্পর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আমার ধারণা, তারা নির্বাচন ব্যাহত করার ও ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে, এমনকি মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে। তাদের ফাঁদে পা দেবেন না। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আপনাদের নির্বাচনী দায়িত্ব চালিয়ে যাবেন।’
