বিনোদন রিপোর্ট
বিশ্বজুড়ে সবার আতঙ্ক এখন করোনা ভাইরাস। বন্দি জীবন ছেড়ে আবার কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সবাই! এমনটাই এখন সবার অপেক্ষা। এই সময় নিয়ে অনেকে কবিতা বা গান প্রকাশ করছেন। এবার এই সময়ের উপলব্ধি নিয়ে কবিতা লিখলেন গীতিকার ও কণ্ঠশিল্পী লুত্ফর হাসান। কবিতার শিরোনাম ‘এসো হে মানুষ।’ কবিতাটি আবৃত্তি করেন পুতুল, শাওন গানওয়ালা, আর জে ত্রয়ী ও লুত্ফর হাসান। পুরো কবিতায় সংগীতের আবহ দিয়েছেন ও কণ্ঠ ধারণ সমন্বয় করেছেন আমজাদ হোসেন।
গত ২৫ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশনের ফেসবুক পেজে ভিডিও আকারে কবিতাটি প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। কবিতাটি প্রসঙ্গে লুত্ফর হাসান বলেন, ‘এখন যে সময়টা যাচ্ছে সেটি আমাদের সবারই নতুন উপলব্ধি। বিশ্বের এই দুর্দশাপীড়িত মানুষের কথা কবিতায় তুলে এনেছি। ধ্রুব দার অনুপ্রেরণায় লেখা। কয়েকদিন সময় নিয়ে পুরোটা লিখলাম। যতটুকু সম্ভব সামগ্রিক অবস্থা একটা কবিতায় নিয়ে আসার চেষ্টা করেছি। এ ধরনের কবিতা এটাই প্রথম। আগামীতেও আমরা নানা বিষয় কবিতার মাধ্যমে অন্তর্জালে তুলে ধরার চেষ্টা করবো।’
