পুলিশের বাড়িতে গ্রামবাসীর তালা, ঘরে রাখা যাচ্ছে না নারায়ণগঞ্জ ফেরত দুই নারীকে

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২০:১২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারের দক্ষিণ ধুপাটিলায় নারায়ণগঞ্জ থেকে ফেরা দুই নারী ও তাদের বাবার অবাধ চলাফেরায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে ঢাকা ফেরত এক পুলিশের পরিবার হোম কোয়ারেন্টাইনে না থাকায় বাড়ির ফটকে তালা লাগিয়েছে গ্রামবাসী। অপরদিকে হবিগঞ্জ থেকে কমলগঞ্জে ফেরা এক এনজিও কর্মীর নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের দক্ষিণ ধুপাটিলা গ্রামে আব্বাস আলী দুই কন্যা নারায়ণগঞ্জ থেকে বৃহস্পতিবার ভোরে গোপনে বাড়ি ফেরেন। এরপর দুই নারী ও তাদের পিতা বাড়িতে ও গ্রামে অবাধে চলাফেরা নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দেয়। স্থানীয় ইউপি সদস্য তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিলেও তারা মানছেন না। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে স্থানীয়রা জানান। 

অপরদিকে কমলগঞ্জ পৌরসভার শ্রীনাথপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক কামাল চৌধুরীর ছেলে গোয়েন্দা পুলিশ সদস্য জাহাঙ্গীর চৌধুরী, তার স্ত্রী সন্তান ও মা গত ২৪ এপ্রিল ভোরে ঢাকা থেকে বাড়ি ফেরেন। তাদের হোম কোয়ারেন্টাইনে রাখতে গ্রামবাসী পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাবি জানান। পৌরসভা ও উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণে বিলম্ব হওয়ায় গ্রামবাসীরা শনিবার বিকালে ঢাকা ফেরৎ গোয়েন্দা পুলিশ সদস্য জাহাঙ্গীর চৌধুরীর বাড়ির ফটেকে তালা ঝুলিয়ে দেয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ঝালমুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যুর পর হরিলুট

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ বলেন, পুলিশ সদস্য জাহাঙ্গীর চৌধুরী স্বপরিবারে বাড়ি ফিরেছে শুনে তিনি ওয়ার্ড কাউন্সিলরকে পাঠিয়ে এ পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছেন।

এদিকে রবিবার পৌরসভার গোপালনগর গ্রামে হবিগঞ্জ থেকে ফেরৎ এক এনজিও কর্মীর বাড়িতে গিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। ওই এনজিও কর্মী হবিগঞ্জ জেলার চুনারুঘাটে কর্মরত ছিলেন। 

ইত্তেফাক/এসি